কৃষি ও খাদ্যমন্ত্রীর পদত্যাগ দাবি রিজভীর


কৃষি ও খাদ্যমন্ত্রীর পদত্যাগ দাবি রিজভীর


বাংলা নিউস রিপোর্ট ২৪: কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এবং খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের পদত্যাগ দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।মঙ্গলবার (২৮ মে) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ দাবির কথা জানান।

রিজভী বলেন, ‘প্রতিদিনই কৃষকের মনে অন্ধকার ঘন থেকে ঘনতর হচ্ছে। সরকারি নীতির কারণে ক্ষুধা, অনাহার ও অর্ধাহারে মানুষের জীবন বিপন্ন ও কৃষককে ধ্বংস করতে কৃষিক্ষেত্রে এই অরাজকতার জন্য দায়ী কৃষিমন্ত্রী এবং খাদ্যমন্ত্রীর এই মুহূর্তে পদত্যাগ দাবি করছি। কোনও সভ্য সরকার হলে এরইমধ্যে কৃষিমন্ত্রী পদত্যাগ করতেন।’

সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমসহ সরকারের একাধিক মন্ত্রী-নেতার কথাবার্তায় মনে হয় তারা নিজেদের পদ খুইয়ে হতাশায় ভুগছেন বলে মন্তব্য করে রিজভী। তিনি বলেন, ‘এখন তারা শুধুই বিএনপিকে উপদেশ দিচ্ছেন। আমার মনে হয়, তারা মন্ত্রিত্ব হারিয়ে বিএনপির কনসালটেন্ট হতে চাচ্ছেন।’

২৭ মে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, ‘মাদক ব্যবসায়ী ও খাদ্যে ভেজালকারীরা সমাজের সবচেয়ে বড় সন্ত্রাসী। বিএনপিকে বলবো অগণতান্ত্রিক আন্দোলন না করে, খাদ্যে ভেজাল ও মাদক নির্মূলে আন্দোলন করুন। আমরা আপনাদের ধন্যবাদ জানাবো।

এর জবাবে রিজভী বলেন, ‘সরকারি দলের নেতা-কর্মীরা সারাদেশে লুটপাট, খুন-ধর্ষণ, খাদ্যে ভেজাল ও মাদক ব্যবসায় লিপ্ত। এমনকি তাদের কিছু জনপ্রতিনিধি আছেন, যারা মাদকসম্রাট হিসেবে পরিচিত। গোটা দেশে তাদের বেপরোয়া অপকর্মে সাধারণ মানুষের নাভিশ্বাস অবস্থা।

তা নিয়ে নাসিম সাহেবদের মাথা ব্যথা নেই। এখন বিএনপি তাদের ধ্যান-জ্ঞান। মন্ত্রিত্ব হারিয়ে প্রধানমন্ত্রীকে তুষ্ট করার জন্য কথাবার্তায় অনেকেই খেই হারিয়ে ফেলেছেন। বিএনপি’র কী নিয়ে আন্দোলন করা উচিত সেই উপদেশও দিচ্ছেন।’

অভাবের তাড়নায় হতদরিদ্র মানুষ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে বলে দাবি করে বিএনপির এই নেতা বলেন, ‘সরকার বলছে দেশ নাকি মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। অভাবের তাড়নায় যশোরের শার্শা উপজেলার চালিতাবাড়িয়া দীঘা গ্রামে রবিবার (২৬ মে) রাতে দুই শিশু সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর এক মা আত্মহত্যা করেছেন। অভাবে জর্জরিত হয়ে এক সপ্তাহে ৯ জনের আত্মহত্যা বা অপমৃত্যুর ঘটনা ঘটেছে।’

রিজভীর দাবি, পত্রিকায় খবর বেরিয়েছে সরকারি দলের নেতাকর্মীসহ অন্তত ছয় লাখ লোক বিদেশে যাচ্ছে ঈদ করতে, যেখানে আগে ঈদ করতে মানুষ যেত গ্রামের বাড়িতে। দেশে সম্পদ বন্টনের এই অসাম্য এবং দুর্নীতি করার অবারিত ব্যবস্থার জন্য দেশে এক লুটেরা গোষ্ঠীর জন্ম হয়েছে।জোর জবরদস্তি করে ক্ষমতায় না থেকে অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান রিজভী।

‘মিডনাইটে ভোট ডাকাতির’ অন্যতম কারিগর নির্বাচন কমিশনের সচিব হেলাল উদ্দিন আহমেদকে পুরস্কৃত করা হয়েছে বলেও দাবি করেন তিনি। রিভজী বলেন, ‘তাকে (ইসি সচিব) পদায়ন করে স্থানীয় সরকার বিভাগের সচিব হিসেবে বদলি করা হয়েছে। আর নির্বাচন কমিশনের সচিব করা হয়েছে কারিগরি শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর হোসেনকে, যিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের অনুগত ও বিশ্বস্ত হিসেবে এরইমধ্যে পরিচিতি অর্জন করেছেন।’

বুধবার বিএনপির আলোচনা সভা


বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আগামীকাল বুধবার (২৯ মে) আলোচনা সভার আয়োজন করেছে বিএনপি। রুহুল কবির রিজভী জানান,বুধবার বেলা ১১টায় ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এছাড়া, ৩০ মে সকাল ১০টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে পুষ্পার্ঘ অর্পণ ও ফাতেহা পাঠ করবেন বিএনপি নেতাকর্মীরা
কৃষি ও খাদ্যমন্ত্রীর পদত্যাগ দাবি রিজভীর কৃষি ও খাদ্যমন্ত্রীর পদত্যাগ দাবি রিজভীর Reviewed by Shuvo Ahamed on May 28, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.