জমকালো আয়োজনে পর্দা উঠল বিশ্বকাপের
বাংলা নিউস রিপোর্ট ২৪: বিশ্বকাপে ব্যাট-বলের মহারণ মাঠে গড়াবে আজ বৃহস্পতিবার। তার আগে বুধবার হয়ে গেল দ্বাদশ আসরের জমকালো উদ্বোধন। লন্ডনের বাকিংহাম প্যালেসের সামনে মলচত্বরে হয় অনুষ্ঠান। নানা আয়োজনে তাতে বিভিন্ন দেশের সংস্কৃতি তুলে ধরা হয়।
উদ্বোধনী অনুষ্ঠান দেখার জন্য আলাদা টিকিটের ব্যবস্থা করা হয়েছিল। লন্ডনের সময় অনুযায়ী দুপুর সাড়ে তিনটায় ও বাংলাদেশ সময় রাত ১০টায় উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। প্রায় ঘণ্টাদেড়েক আয়োজন চলে সেখানে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজার চারেক দর্শক। বিশ্বকাপের উদ্বোধন আয়োজন সরাসরি দেখানো হয় টেলিভিশনে। একঘণ্টা ২০ মিনিটের এই অনুষ্ঠানে ছিল ক্রিকেট উদযাপন, সংগীত ও সংস্কৃতির গল্পের দৃষ্টিনন্দন বিভিন্ন প্রদর্শনী।
পুরো অনুষ্ঠানে উপস্থাপনার দায়িত্বে ছিলেন ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ। শুরুতে একে একে মঞ্চে উঠিয়ে পরিচয় করে দেয়া হয় অংশগ্রহণকারী ১০ দলের অধিনায়ককে। তার আগে বাকিংহাম প্যালেসে রানী এলিজাবেথের সঙ্গে দেখা করেন সব দলের অধিনায়করা।
অনুষ্ঠান মঞ্চে প্রথমে পা রাখেন আফগানিস্তান অধিনায়ক গুলবানি নায়েব। এরপর একে একে বাংলাদেশ অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাসহ অন্যরা আসেন।
ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান এক পর্যায়ে জানান, ‘শুরু করার (বিশ্বকাপ) জন্য আমাদের তর সইছে না। কালকে দিনটা (বৃহস্পতিবার, প্রথম ম্যাচ) স্পষ্টতই খুব উত্তেজনাপূর্ণ দিন। আয়োজক হতে পেরে আমরা অবিশ্বাস্যরকম গর্বিত।’
গানের পাশাপাশি ‘সিক্সটি সেকেন্ড’ ক্রিকেটের আয়োজন করা হয়। যেখানে খেলেছেন সব দেশের একজন করে সাবেক ক্রিকেটার ও তারকা অভিনয় শিল্পী।
বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করেন ক্রিকেটার আব্দুর রাজ্জাক ও অভিনেত্রী জয়া আহসান। ‘সিক্সটি সেকেন্ড’ ক্রিকেটে সর্বোচ্চ ৭৪ স্কোর গড়ে প্রথম হয় হট-ফেভারিট স্বাগতিক ইংল্যান্ড।
বাজে ফলাফল করেছে ভারত। তাদের চেয়ে সামান্য ভালো করে নবম হয়েছে বাংলাদেশ। রাজ্জাক-জয়া জুটি করে মাত্র ২২ রান। যার প্রত্যেকটি আসে রাজ্জাকের ব্যাট থেকে। জয়া মাত্র একটি বল ব্যাটে লাগাতে পেরেছেন। তবে সেটি থেকে কোনো রান আসেনি।
পাকিস্তানের সাবেক অধিনায়ক আজহার আলীর সঙ্গে খেলতে আসেন নোবেল জয়ী মালালা ইউসুফজাই। প্রতিযোগিতার শুরুটা করে আফগানিস্তান। তারা রান করে ৫২। এরপর মাহেলা জয়াবর্ধনের শ্রীলঙ্কা করে ৪৩ রান। ভিভ রিচার্ডসের ওয়েস্ট ইন্ডিজ করে ৪৭ রান।
পাকিস্তান জুটি করে ৩৮ রান। এরপর ব্রেট লির অস্ট্রেলিয়া করে ৬৯ রান। জেমস ফ্রাঙ্কলিনের নিউজিল্যান্ড ৩২ রান করেছে। অনিল কুম্বলে ও বলিউড অভিনেতা ফারহান আক্তার হতাশ করেন ভারতকে। তারা সংগ্রহ করেন মাত্র ১৯ রান। সবশেষে আসেন কেভিন পিটারসন ও ক্রিস হিউজ। ইংলিশ জুটি ৭৪ রান করে জিতে নেয় মজার এ ক্রিকেট গেম। বিশ্বকাপের থিম সং গাইতে গাইতে শেষ হয় অনুষ্ঠান পর্ব।
বিশ্বকাপের প্রথম ম্যাচ মাঠে গড়াচ্ছে আজ বৃহস্পতিবার। ওভালে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লড়বে স্বাগতিক ইংল্যান্ড ও সাউথ আফ্রিকা। ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকাল ৩.৩০ মিনিটে।
জমকালো আয়োজনে পর্দা উঠল বিশ্বকাপের
Reviewed by Shuvo Ahamed
on
May 30, 2019
Rating:
Reviewed by Shuvo Ahamed
on
May 30, 2019
Rating:

No comments: