বিমান ছিনতাই চেষ্টা সাহসী ক্রুদের সম্মাননা
বাংলা নিউস রিপোর্ট ২৪: বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাইগামী ফ্লাইট বিজি-১৪৭ ছিনতাইচেষ্টা নস্যাৎ এবং সাহসিকতার জন্য পাইলট ও কেবিন ক্রুদের সম্মাননা দেওয়া হয়েছে। আজ রোববার বিমানের প্রধান কার্যালয় বলাকায় এই সম্মাননার আয়োজন করে কর্তৃপক্ষ।
সম্মাননা পেয়েছেন ক্যাপ্টেন মো. গোলাম শাফি, ফার্স্ট অফিসার মুনতাসির মাহবুব, পার্সার শাফিকা নাসিম, জুনিয়র পার্সার হোসনেয়ারা, ফ্লাইট স্টুয়ার্ডেস শরিফা বেগম, ফ্লাইট স্টুয়ার্ড সাহেদুজ্জামান সাগর ও ফ্লাইট স্টুয়ার্ড মো. আবদুস সাকুর মোজাহিদ। তাঁদের প্রশংসাপত্র ও ক্রেস্ট দেওয়া হয়।
গত ২৪ ফেব্রুয়ারি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট বিজি-১৪৭ ছিনতাইয়ের চেষ্টা করে এক দুষ্কৃতকারী। বিমানের পাইলট ও ক্রুদের বিচক্ষণতা ও সাহসিকতায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি জরুরি অবতরণ করান পাইলট। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৮ মিনিটের কমান্ডো অভিযানে ঘটনার সমাপ্তি ঘটে এবং দুষ্কৃতকারী নিহত হন।
আজ সম্মাননা অনুষ্ঠানে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন ফারহাত হাসান জামিল ওই ফ্লাইটের পাইলট ও কেবিন ক্রুদের সাহসিকতা ও দক্ষতার প্রশংসা করে বলেন, এটা বিমানের সব কর্মীকে অনুপ্রাণিত করেছে।
একই অনুষ্ঠানে বিমানের প্রধান কার্যালয়ে ডেটা সেন্টারে অগ্নিনির্বাপণে সাহসিকতাপূর্ণ অবদানের জন্য দুজন আইটি কর্মীকেও সম্মাননা দেওয়া হয়। তাঁরা হলেন অ্যাসিস্ট্যান্ট সিস্টেম অ্যাডমিনিস্ট্রাক্টর তপু বডুয়া ও সিনিয়র ডেটা প্রসেসিং অ্যাসিস্ট্যান্ট জহিরুল আলম চৌধুরী।
অনুষ্ঠানে বিমানের পরিচালক (প্রশাসন) জিয়াউদ্দীন আহমেদ, পরিচালক (ক্রয়) মো. মমিনুল ইসলাম, পরিচালক (পরিকল্পনা, বিক্রয় ও বিপণন) কমোডর মাহবুব জাহান খান, পরিচালক (গ্রাহক সেবা) আতিক সোবহান এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার বিনিত সুদ, মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজসহ বিমানের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিমান ছিনতাই চেষ্টা সাহসী ক্রুদের সম্মাননা
Reviewed by Shuvo Ahamed
on
May 26, 2019
Rating:
Reviewed by Shuvo Ahamed
on
May 26, 2019
Rating:

No comments: